বাঘারপাড়ায় মাদকের বিরুদ্ধে জনতার জাগরণ
- আপডেট সময় : ১০:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৬২ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছে সাধারণ মানুষ। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন গ্রামের সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলেছেন গণপ্রতিরোধ।
“মাদককে না বলুন, নিজেকে সুস্থ রাখুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোহাকুলা, বাউলিয়া, মামুদালীপুর, বালিয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সামাজিক আন্দোলন। এলাকাবাসী দলবদ্ধভাবে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে নজরদারি চালাচ্ছেন এবং মাইকিং করে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।
শনিবার (২০ জুন) বিকেল ৩টায় দোহাকুলার বিশ্বাসবাড়ী মোড়ে দোহাকুলা সামাজিক অপরাধ ও মাদকবিরোধী নাগরিক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধলগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার গোলাম দস্তগীর।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো সামাজিক ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ, জনসচেতনতা এবং আইনগত ব্যবস্থা একযোগে চালানোর ওপর তারা জোর দেন।
বক্তারা আরও বলেন, যারা এখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এটি তাদের জন্য শেষ সতর্কবার্তা। অবিলম্বে এ পথ থেকে সরে না এলে জনগণ ও প্রশাসন যৌথভাবে কঠোর ব্যবস্থা নেবে।
সভা শেষে চিহ্নিত মাদকসেবীদের পরিবারের সদস্যদের সতর্ক করা হয় এবং মাদকমুক্ত বাঘারপাড়া গড়তে সকলের সহযোগিতা কামনা করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, এই ঐক্যবদ্ধ উদ্যোগ মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






















