শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোরে যুবদলের মিছিল
- আপডেট সময় : ০৯:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ৫৬ বার পঠিত

অপপ্রচার, মিথ্যাচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। বুধবার দুপুরে যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে জেলা যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন ধারার গণতান্ত্রিক ও পরিশীলিত রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তিনি দাবি করেন, প্রতিহিংসা ও সংঘাতনির্ভর রাজনীতির পরিবর্তে পরমতসহিষ্ণু ও মর্যাদাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে।
রেজাউল কবীর পল বলেন, রাজনৈতিক অঙ্গনে সুস্থ পরিবেশ ব্যাহত করতে একটি মহল অপপ্রচার, মিথ্যাচার এবং শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের আশ্রয় নিচ্ছে। প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার হলেও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার, মিথ্যা তথ্য প্রচার এবং ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় ফিরে এসে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হচ্ছে।
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনসারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, আবু আতিক আল হাসান মিন্টু এবং শফিকুল ইসলাম শফিক। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা রাজনৈতিক অঙ্গনে শালীনতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।























