রোহিতায় উন্নয়ন কর্মসূচিতে ইউএনও সম্রাট
- আপডেট সময় : ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৫৩ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন রোহিতা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সকালে তিনি রোহিতা ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যদের সঙ্গে সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মানোন্নয়নে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এদিন দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সম্রাট হোসেন। একইসঙ্গে তিনি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ এবং শিশুদের মাঝে ফুটবল বিতরণ কার্যক্রমে অংশ নেন। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযানেরও উদ্বোধন করেন তিনি। এ সময় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগবালাই প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসক কৌশিক ব্যানার্জী, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণগোপাল মুখার্জী, সাবেক ইউপি চেয়ারম্যান আহসানুল হক মুকুট, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, ইউপি ভূমি সহকারী কর্মকর্তা কবির হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশ এবং পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
স্থানীয়রা জানান, একদিনে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন এবং সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

























