মনিরামপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত
- আপডেট সময় : ১০:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৫৮ বার পঠিত

যশোরের মনিরামপুর উপজেলায় একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ছিলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের লাউকুন্ডা গ্রামের হোসেন ও তার স্ত্রী জাহানারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে মেয়ের বাড়ি ভরতপুরে যাওয়ার পথে ছিলিমপুর এলাকায় একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে আহত দুজনের অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

























