বিশ্বকাপ থেকে বিদায়
লড়াই জমিয়েও জিততে পারলো না বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২৯ বার পঠিত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা শেষ ম্যাচ পর্যন্ত টিকিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয় তুলে নিতে না পারায় দুই জয় নিয়েই এবারের বিশ্বকাপ অভিযান শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। এরপর তাজ নেহারও মাত্র ১ রান করে বিদায় নেন। দলের বিপর্যয়ের মধ্যে ইনিংস সামাল দেন সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার। সোবহানা ৪৮ বলে ৪২ এবং শারমিন ২৯ বলে ২২ রান করেন।
শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২০ বলে অপরাজিত ৩২ রানের কার্যকর ইনিংস খেলে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। মারুফা আক্তারের শিকার হন অধিনায়ক লরা উলভার্ট। এরপর তাজমিন ব্রিটস ও অ্যানেরি ডার্কসেন গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের চাপ সামাল দেন।
তাজমিন ২০ রান করে আউট হলেও ডার্কসেন ৪৫ রানের মূল্যবান ইনিংস খেলেন। বাংলাদেশি বোলাররা নিয়মিত চাপ ধরে রাখলেও শেষ পর্যন্ত প্রোটিয়াদের জয় আটকাতে পারেনি। শেষ দিকে নাদিনে ডি ক্লার্কের ১৫ রানের ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫ রান। সেই লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
অল্প রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত জয় না আসায় দুই জয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হলো টাইগ্রেসদের।























