কালিয়ায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৮:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৩৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম। সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক (পর্যবেক্ষক) এবং পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা, নকলমুক্ত পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও জিন্নাতুল ইসলাম বলেন, “আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ স্বচ্ছতা, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।”
সভায় উপস্থিত কর্মকর্তারা ও সংশ্লিষ্ট অংশীজন পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।






















