ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী
- আপডেট সময় : ০৯:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৫৬ বার পঠিত

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১) ও সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খানের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।
মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইসলামি গবেষক, মুহাদ্দিস ও শরিয়াহ বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডের সদস্য এবং একাধিক কওমি মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় নবনিযুক্ত মহাপরিচালক বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি প্রতিষ্ঠানের সর্বস্তরে শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন কর্মপরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে জনগণের আরও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালক আঃ ছালাম খান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এস. এম. তরিকুল ইসলামসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।























