যশোরে প্রাইভেটকারের গোপন বক্সে ৩০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০২:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৪৭ বার পঠিত

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি প্রাইভেট কারের গোপন বক্স থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া এলাকার মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড় আঁচড়া মাঠপাড়া এলাকার আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১০টার দিকে বড় একটি ইয়াবার চালান যশোরে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে হামিদপুর এলাকায় যশোর পৌরসভার ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (জেপিডব্লিউটিপি) গেটের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়।
এ সময় একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কার সেখানে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ড কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন বক্স থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





















