মণিরামপুরে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৫৭ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত পলাশ বিশ্বাস ভবানীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি অভয়নগর উপজেলার আল হেলাল ইসলাম একাডেমি হাইস্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রীও খুলনার ফুলতলা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন পলাশ বিশ্বাস। তিনি স্ত্রী, কলেজপড়ুয়া এক ছেলে ও বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করতেন। পরিবারে দৃশ্যমান কোনো অশান্তির তথ্য না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মানসিক বিষণ্নতার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মণিরামপুর থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।




















