ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে যশোরে একব্যক্তি আটক
- আপডেট সময় : ০৬:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৪৭ বার পঠিত

যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে নিজেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে ইউসুফ আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক ইউসুফ আলী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ মে রূপদিয়া বাজারের মা মেডিকেল হোমিও চেম্বারে গিয়ে ইউসুফ আলী নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চেম্বারের স্বত্বাধিকারী মাইনুল হাসানের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।
মাইনুল হাসান জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি প্রথমে দুই ঘণ্টা সময় চান এবং পরে ৬ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। বিষয়টি এক পরিচিত ব্যক্তির সঙ্গে আলোচনা করলে তিনি জানতে পারেন, ইউসুফ আলী ডিবি পুলিশের সদস্য নন। এরপর তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।
তার অভিযোগ, এরপর অভিযুক্ত ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে একাধিকবার ফোন করে তাকে হুমকি দিতে থাকেন। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তি পুনরায় ওই চেম্বারে গেলে মাইনুল হাসান স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কবির ঘটনাস্থলে পৌঁছে তাকে পুলিশ হেফাজতে নেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে আটক ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।























