যশোরে আরও দুই ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৪
- আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৪৭ বার পঠিত

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে একজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সোমবার (২০ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় সর্বোচ্চ ৮ জন ভর্তি আছেন। এছাড়া মনিরামপুরে ৩ জন, কেশবপুরে ২ জন এবং ঝিকরগাছায় ১ জন চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বাঘারপাড়া, চৌগাছা ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত জেলায় মোট ২২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

























