না হলে বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণার হুঁশিয়ারি
৭ আগস্টের মধ্যে প্রেসক্লাব যশোরের নির্বাচন সম্পন্নের দাবি
- আপডেট সময় : ০৯:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৪৯ বার পঠিত

আগামী ৭ আগস্টের মধ্যে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন করার দাবি পুনর্ব্যক্ত করেছে প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে বর্তমান কার্যনির্বাহী কমিটিকে অবৈধ ঘোষণা করে পরবর্তী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছে কমিটি।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে নির্বাচন বাস্তবায়ন কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি এবং দৈনিক কল্যাণ-এর সম্পাদক একরাম-উদ-দ্দৌলা।
সভায় জানানো হয়, ৭ আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটিয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটি অন্য কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিলে তা প্রত্যাখ্যান করা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য একটি কোর কমিটি গঠন করা হয়েছে।
কোর কমিটির সদস্যরা হলেন— একরাম-উদ-দ্দৌলা, বিনয় কৃষ্ণ মল্লিক, আকরামুজ্জামান, ফকির শওকত, আনোয়ারুল কবির নান্টু, মবিনুল ইসলাম মবিন, আহসান কবির, আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, নূর ইসলাম ও সরোয়ার হোসেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি প্রেসক্লাব পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের ভাষ্য, দুই বছরের জন্য নির্বাচিত কমিটি ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর সদস্যপদ প্রদানসহ প্রেসক্লাবের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও গত দুই বছরে এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং সময়ক্ষেপণের মাধ্যমে দায়িত্বের মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাধারণ সদস্যরা গঠনতন্ত্রবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানালেও কার্যনির্বাহী কমিটি তা উপেক্ষা করেছে। অধিকাংশ সদস্যের মতামত অগ্রাহ্য করে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় নির্বাচন বাস্তবায়ন কমিটি।
সভায় কোর কমিটির সদস্যদের পাশাপাশি সাইফুল ইসলাম সজল, জুয়েল মৃধা, এইচ. আর. তুহিন, তৌহিদ জামান, তহীদ মনি, গোপীনাথ দাস, মির্জা বদরুজ্জামান টুনু, আব্দুল্লাহ হুসাইন, রাজেক জাহাঙ্গীর, মীর মঈন হোসেন মুছা, বি. এম. আসাদ, এস. এম. সোহেল, জি. এম. সোহরাব হোসেন, মুর্শিদুল আজিম হিরু, হানিফ ডাকুয়া, রকিব হোসেন স্বপন, গালিব হাসান পিল্টুসহ আরও অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।




















