পুলিশ সদস্য জড়িত থাকলেও ছাড় নয়
মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে : ডিআইজি
- আপডেট সময় : ০৭:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৬৩ বার পঠিত

মাদক কারবারের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, শুধু মাদকের ক্যারিয়ার নয়, এ ব্যবসার গডফাদারদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে তাদের সম্পদ ও আয়ের উৎস অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ছোট-বড় কোনো মাদক কারবারিকেই আইনের বাইরে রাখা হবে না। শুধু ক্যারিয়ারদের গ্রেপ্তার করলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; যারা এই ব্যবসার মূল হোতা, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, মাদক নির্মূল শুধু পুলিশের একার দায়িত্ব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সমাজভিত্তিক সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডিআইজি বলেন, খুলনা বিভাগের প্রতিটি জেলার পুলিশ সুপারকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং অভিভাবকদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠেছে এবং তাদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রযুক্তিনির্ভর বিশেষ টিম গঠন করা হবে। এই টিম সার্বক্ষণিক অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করবে এবং জুয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। প্রযুক্তির অপব্যবহার করে যারা অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজি বলেন, ছোট কিংবা বড়—যেকোনো ধরনের চুরির ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। নারীর প্রতি সহিংসতার ঘটনায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও তিনি জানান।
তিনি বলেন, “ফ্যাসিস্টরা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সর্বদা সজাগ রয়েছে।”
এর আগে খুলনা রেঞ্জের ডিআইজি যশোর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি কার্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন।
এ সময় তিনি জানান, সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চলতি অর্থবছরে যশোর জেলা পুলিশ ৩ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশ লাইনস ও অন্যান্য পুলিশ স্থাপনায় এসব গাছ রোপণ করা হবে।
ডিআইজি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি এই কর্মসূচি বাস্তবায়নে পুলিশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, মিরাজুল ইসলাম, সাখাওয়াত হোসেন, আহসান হাবিবসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















