যশোরে ২৯ কারিগরি প্রতিষ্ঠান বন্ধের নোটিশ
- আপডেট সময় : ১১:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২৯ বার পঠিত

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় যশোরের ২৯টিসহ দেশের ১ হাজার ৮৫টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল বা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চূড়ান্ত নোটিস দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পাঠদান অনুমোদন ও সংশ্লিষ্ট কোর্সের নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত ২০ জুলাই প্রকাশিত আদেশে এ তথ্য জানানো হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) শিক্ষাক্রমে দীর্ঘদিন ধরে যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদান অনুমোদন বাতিল বা প্রত্যাহারের কারণ জানতে এর আগে দুই দফায় কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। সর্বশেষ ১ থেকে ১০ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হলেও যশোরের ২৯টিসহ সারা দেশের ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠান কোনো জবাব দেয়নি।
বোর্ডের আদেশে বলা হয়েছে, এটিকে চূড়ান্ত নোটিস হিসেবে গণ্য করে আগামী সাত কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য নেই বলে ধরে নিয়ে প্রচলিত বিধি অনুযায়ী অনুমোদন ও কোর্সের নিবন্ধন বাতিল করা হবে। চূড়ান্ত নোটিস পাওয়া যশোরের ২৯ প্রতিষ্ঠানের মধ্যে যশোর সদর উপজেলায় ১৯টি, মণিরামপুরে ৩টি, কেশবপুরে ৩টি, ঝিকরগাছায় ৩টি এবং শার্শায় ১টি প্রতিষ্ঠান রয়েছে।
মণিরামপুরের একটি প্রতিষ্ঠানের পরিচালক বলেন, ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ নিয়ে বর্তমানে তেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা এ কোর্সে আগ্রহ হারিয়ে ফেলেছে। তিনি বলেন, যুগোপযোগী নতুন কোর্স চালু করা হলে আবারও শিক্ষার্থী পাওয়া সম্ভব।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) কোর্সটি আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য তারা কারিগরি শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন। বর্তমান অবস্থায় এ কোর্সে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় অনেক প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে।
যশোর সদর: টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ, সিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ট্রাস্ট কম্পিউটার সিস্টেম, দর্পণ যুব কম্পিউটার অ্যাকাডেমি, সেন্টার ফর কম্পিউটার এডুকেশন যশোর, মডেল পলিটেকনিক কলেজ, বাংলাদেশ টেকনিক্যাল কলেজ, কপোতাক্ষ পলিটেকনিক কলেজ (ভেকুটিয়া), সিটি পলিটেকনিক কলেজ, ইছালী ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, আহছানিয়া মিশন ট্রেনিং সেন্টার, আইএম কম্পিউটার টেকনিক্যাল ইনস্টিটিউট, জেসিএফ টেকনিক্যাল ইনস্টিটিউট, জেন আইটি যশোর, ক্যান্টনমেন্ট কলেজ, ডিস্ট্রিক্ট আনসার অ্যান্ড ভিডিপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ইন্টিলেন্ট আইটি এবং যোজন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।
























