ক্ষমতার অপব্যবহারে বিএনপি বিশ্বাসী নয়: ভূমিমন্ত্রী মিনু
- আপডেট সময় : ১১:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ৫৬ বার পঠিত

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, “বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না। আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই। রাজশাহী আমাদের সবার। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রিয় রাজশাহীকে এগিয়ে নিতে চাই।”
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী বিনামূল্যে হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রাজশাহীকে আরও কার্যকর ও বৃহত্তর পরিসরে পরিচালনার জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। হাসপাতালটি যাতে ভবিষ্যতে আরও বেশি অনুদান পায়, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী। হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাম্মদ হাবিবুর রহমান।
উল্লেখ্য, গত ২২ জুলাই শুরু হওয়া তিন দিনব্যাপী এ কার্যক্রমে রাজশাহীর পাশাপাশি চীনের চারজন চিকিৎসক অংশ নেন। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৬০০ শিক্ষার্থী নিবন্ধন করে সেবা গ্রহণের সুযোগ পায়। পুরো কার্যক্রমে সহযোগিতা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ।























