চুড়ামনকাটিতে ব্যবসায়ীদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ
- আপডেট সময় : ১১:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৬ বার পঠিত

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি কাঁচাবাজার ব্যবসায়ীদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় লায়ন্স একাদশকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টাইগার একাদশ।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে টাইগার একাদশের খেলোয়াড় আলমগীর হোসেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ পুলিশ ক্লাবের খেলোয়াড় মান্নাফ রাব্বি।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম ও মামুন মহসিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হায়দার আলী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, সাংগঠনিক সম্পাদক শামীম কবীর ওয়াসিম, যুবনেতা চঞ্চল ও জিকো, শ্রমিক নেতা ইব্রাহিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চুড়ামনকাটি বাজার ব্যবসায়ী ও মতিয়ার রহমান ফুটবল একাডেমির যৌথ আয়োজনে এবং বাজার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে খেলায় অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড়দের মাঝে জার্সি উপহার দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে ব্যবসায়ী ও তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
























