শার্শায় গাঁজাসহ দু’ব্যক্তি আটক
- আপডেট সময় : ০৮:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৪৮ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার গোড়পাড়া উত্তরপাড়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, গোড়পাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত রাজ্জাকের ছেলে বাবু মোল্লা (৫০) এবং কন্দর্পপুর (মাঝেরপাড়া) গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু হানিফ (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া উত্তরপাড়া মোড়ে বাবু মোল্লার চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় বাবু মোল্লার কাছ থেকে ৭০ গ্রাম এবং আবু হানিফের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।























