যশোরে দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ
- আপডেট সময় : ০৯:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৬৫ বার পঠিত

যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর ও ধারালো অস্ত্রের বাট দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। আহত দুজন বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, মাহিম (১৬), তিনি মনিরের ছেলে এবং আবির (১৯), তিনি মাইনুল হায়দারের ছেলে। উভয়ের বাড়ি যশোর শহরের ভেকুটিয়া কলোনি মোড় এলাকায়। বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর কোতোয়ালি থানার ভেকুটিয়া কলোনি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে জাহিন মির্জা (১৮) ও আশা (২৯)সহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজন মাহিমকে কলোনি মোড় থেকে জোরপূর্বক তুলে নিয়ে কোতোয়ালি থানার খোলাডাঙ্গা চৌধুরী বাড়ি এলাকায় নিয়ে যান। পরে মাহিমকে উদ্ধার করতে গেলে আবিরের ওপরও হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা দুইজনকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্রের বাট দিয়ে মাথায় আঘাত করে আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রস্তুতি চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।





















