ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন নারী
- আপডেট সময় : ১১:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২১ বার পঠিত

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে। ফেরত আসা তিন নারী হলেন—নড়াইলের কালিয়া থানার আব্দুর রউফের মেয়ে শিলাপি আবাদুর শাইখ ওরফে শিল্পী (৩৭), পাবনার হাসেম সরদারের মেয়ে সিমলা খাতুন (২২) এবং সাতক্ষীরার কলারোয়া থানার রফিকুলের মেয়ে রিয়া খাতুন (২৬)।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় ওই তিন নারী ভারতে পাচারের শিকার হন। সেখানে তাঁরা প্রায় দেড় থেকে দুই বছর বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, থানার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিন নারীকে বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল প্রতিনিধি সফিকুর রহমান বলেন, ফেরত আসা তিন নারীকে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের যশোরের শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



















