যবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
- আপডেট সময় : ১০:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৪৬ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ হোসেন গ্যালারিতে পিইএসএস ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শিক্ষাজীবনের সঙ্গে পরিচিত করার পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতির কৌশল, স্কলারশিপ, গবেষণা, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরে নবীনদের দিকনির্দেশনা দেন।
চীন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী পিইএসএস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী আজাদুল ইসলাম সুমন বলেন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে শুধু ভালো সিজিপিএ অর্জন করাই যথেষ্ট নয়। গবেষণামূলক কাজ, যোগাযোগ দক্ষতা এবং নিজের আগ্রহের ক্ষেত্র সম্পর্কে স্পষ্ট ধারণা একজন শিক্ষার্থীকে অন্যদের থেকে এগিয়ে রাখে।
তিনি পূর্ণ অর্থায়নে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সম্ভাবনা ও সুযোগ-সুবিধা এবং স্কলারশিপ পাওয়ার প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষাজীবন ও ক্যারিয়ারে নানা বাধা ও প্রতিকূলতা এলেও হতাশ না হয়ে নির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ও পিইএসএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাসিম রেজা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে তাঁদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এ সময়ে সঠিক বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভালো বন্ধু ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আবার ভুল সঙ্গ লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে।
তিনি নবীন শিক্ষার্থীদের সচেতন থাকার এবং কোনোভাবেই বিপথগামী না হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।





















