১৮৫ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
যশোরের আলোচিত মশিউরের বাড়িতে ফের র্যাবের অভিযান
- আপডেট সময় : ০৮:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৪৪ বার পঠিত

যশোর শহরের শংকরপুর এলাকায় আলোচিত মাদক কারবারি মশিউরের বাড়িতে আবারও অভিযান চালিয়েছে র্যাব-৬, যশোর ক্যাম্প। এ সময় মাটির নিচে পুঁতে রাখা একটি কলস থেকে ১৮৫ বোতল ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়। এসব সিরাপ বাংলাদেশে মাদক হিসেবে বিক্রি করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শংকরপুর ছোটনের মোড় এলাকায় মশিউরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মশিউরকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে মশিউরের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির মাটির নিচে পুঁতে রাখা একটি কলসের ভেতর থেকে ১৮৫ বোতল ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়। পরে মশিউরকে আটক করা হয়। উদ্ধার হওয়া সিরাপগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল এবং সেগুলো মাদক হিসেবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় মশিউরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব আরও জানায়, চলতি বছরের জুন মাসেও একই বাড়িতে অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় মশিউরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মশিউর শংকরপুর ছোটনের মোড় এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই প্রয়াত নুরুন্নবী যশোর পৌরসভার সাবেক কমিশনার ও বিএনপির নেতা ছিলেন। স্থানীয়দের অভিযোগ, অপর দুই ভাই হাসান ও মিজানের প্রভাবকে কাজে লাগিয়ে মশিউর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।





















