মাকে গলা কেটে হত্যার ঘটনায় জবানবন্দিকালে অসুস্থ ছেলে
- আপডেট সময় : ০৩:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৫০ বার পঠিত

যশোরে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আটক স্কুলশিক্ষক ছেলে মামুনুর রশিদ ওরফে মামুন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে আদালতে জবানবন্দি দেওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করলে পরে রাতে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে মামুনুর রশিদের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছিল। এ সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ পাহারায় তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
বর্তমানে মামুন হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
এর আগে বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মা আনোয়ারা বেগমকে (৫৮) ধারালো বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগমের বড় ছেলে মামুনুর রশিদ লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার পর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পিবিআইয়ের কাছে হস্তান্তর করেন।
পিবিআই সূত্রে জানা গেছে, মাকে হত্যার ঘটনায় মামুনুর রশিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতে তাঁর ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা ছিল। এর মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।




















