একই সময়ে দাঁতের চিকিৎসকের বাইকও উধাও
কেশবপুরে জানাজা পড়াতে এসে ইমামের মোটরসাইকেল চুরি
- আপডেট সময় : ০৯:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৯ বার পঠিত

যশোরের কেশবপুরে জানাজার নামাজ চলাকালে পাশাপাশি দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া দুটি মোটরসাইকেলের একটির মালিক জানাজার নামাজ পড়াতে আসা মসজিদের ইমাম ও আলতাপোল ২৩ মাইল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক আশরাফুল ইসলাম। অন্যটি কেশবপুর বাজারের দাঁতের চিকিৎসক সাইফুল ইসলামের।
জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় সাবেক ইউপি সদস্য গৌতমের বাড়ির মাঠে মো. আব্দুল হাকিম (৭০)-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আব্দুল হাকিম গত শনিবার রাতে মারা যান।
স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জানাজার নামাজে অংশ নিতে আশরাফুল ইসলাম তাঁর স্পেলেন্ডার মোটরসাইকেলটি মাঠের পাশে রেখে ইমামতি করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখতে পান, তাঁর মোটরসাইকেলটি নেই। একই সময়ে কেশবপুর বাজার এলাকায় দাঁতের চিকিৎসক সাইফুল ইসলামের একটি এপাচি মোটরসাইকেলও চুরি হয়ে যায়।
জানাজার নামাজ পড়ানোর মতো ধর্মীয় দায়িত্ব পালন করতে এসে একজন ইমামের মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে আশরাফুল ইসলাম মাত্র দুই-তিন মাস আগে কষ্টার্জিত অর্থ দিয়ে মোটরসাইকেলটি কিনেছিলেন বলে জানা গেছে।
আশরাফুল ইসলাম বলেন, মানুষের জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব পালন করতে তিনি মোটরসাইকেলটি রেখে মাঠে যান। নামাজ শেষে এসে মোটরসাইকেলটি আর পাননি। অনেক কষ্ট করে তিনি মোটরসাইকেলটি কিনেছিলেন, মাত্র দুই মাসের মতো হয়েছে। ধর্মীয় দায়িত্ব পালন করতে এসে এভাবে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ায় তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন।
২৩ মাইল বাজারের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শফিকুুল ইসলাম বলেন, একজন ইমাম সাহেব মানুষের জানাজার নামাজ পড়াচ্ছিলেন। সেই সময় তাঁর মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেক্সোনা খাতুন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে জনসমাগমের সুযোগ নিয়ে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় দ্রুত জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
























