দেশের প্রতিটি প্রাথমিকে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
- আপডেট সময় : ১২:১৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫ বার পঠিত

আগামী বছর থেকে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জুতা ও স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
বুধবার সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে খুলনা বিভাগের ১০ জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। সরকারি সেবার ক্ষেত্রে স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে।
তিনি বলেন, আগামীতে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেনগুলোও সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
কর্মশালার একটি সেশন পরিচালনার সময় প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণির মৌলিক মানদণ্ড, বিদ্যালয় পরিদর্শনের নিয়ম ও কার্যপদ্ধতি এবং শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতাসহ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মতিয়ার রহমান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেন।
স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলাম। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্টসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।























