খাজুরায় বৃত্তিপ্রাপ্ত ১৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৫ বার পঠিত

যশোরের খাজুরা অঞ্চলের প্রাথমিক পর্যায়ের বৃত্তিপ্রাপ্ত ১৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় মির্জাপুর আদর্শ মহিলা কলেজ অডিটোরিয়ামে তাবাসসুম ফাউন্ডেশন-কানাডার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খাজুরা অঞ্চলের যশোর সদর ও বাঘারপাড়া উপজেলার যাদবপুর, খালিয়া, টিপিএম, চন্ডিপুর ও এনায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তাবাসসুম ফাউন্ডেশন-কানাডার হেড অব দ্য প্রজেক্ট (মেরিটকেয়ার) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাজুরা অঞ্চলের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোস্তাকিম বিন জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মির্জাপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হামীদ লস্কার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রভাষক মাহমুদুল আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অতিথিরা।
তিনি বলেন, গ্রামীণ শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের স্বপ্নপূরণে সহায়ক হবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





















