যশোর সিটিকলেজ পাড়াবাসীর ব্যতিক্রমী প্রতিবাদ
কর দিই, ভোটও দিই-তবু পৌরসেবা পাই না
- আপডেট সময় : ০৪:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ বার পঠিত

“হ্যালো, আমি ভাঙাচোরা রাস্তা, লাইট, ড্রেন ও ডাস্টবিনবিহীন ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়াবাসী বলছি”—এমন ব্যঙ্গাত্মক বার্তা দিয়ে ব্যানার টাঙিয়ে প্রতিবাদ জানিয়েছেন যশোর শহরের সিটি কলেজপাড়ার বাসিন্দারা।
শুক্রবার সকালে এলাকার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে এসব ব্যানার দেখা যায়। ব্যানারে আরও লেখা হয়েছে, “আমরা পৌরকর, ভ্যাট সবই পরিশোধ করি। তাহলে আমরা কেন পৌরসেবা থেকে বঞ্চিত? আমরা ভোটও প্রদান করি, তাহলে কেন আমরা অবহেলিত?” ব্যানারের নিচে লেখা রয়েছে—‘সিটি কলেজপাড়ার ভুক্তভোগী জনগণ’।
এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সিটি কলেজপাড়ার বিভিন্ন সড়কে চলাচল কঠিন হয়ে পড়ে। অনেক জায়গায় রাস্তার ইট উঠে গিয়ে তৈরি হয়েছে খানাখন্দ। কোথাও কোথাও রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন উল্টে যাওয়ার ঘটনাও ঘটে।
তাদের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত সড়কবাতি নেই। ড্রেনেজ ব্যবস্থাও পর্যাপ্ত নয়। নেই প্রয়োজনীয় ডাস্টবিন। ফলে নাগরিকদের নানা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সময় সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করা হলেও কাঙ্ক্ষিত প্রতিকার মেলেনি। এ কারণে এবার ব্যানার টাঙিয়ে নিজেদের ক্ষোভ ও প্রশ্ন তুলে ধরেছেন তারা।
এলাকাবাসীর প্রশ্ন—নিয়মিত পৌরকর ও ভ্যাট দেওয়ার পরও যদি নাগরিকদের মৌলিক পৌরসেবা নিশ্চিত না হয়, তাহলে তারা কেন অবহেলিত থাকবেন?

























