
নড়াইল-যশোর মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। গতকাল শনিবার (৬ জুন) রাত পৌনে ৮টার দিকে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে একটি ইজিভ্যানকে সাইড দিতে যায়। এ সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে উল্টে পড়ে।
দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


























