যশোরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু
- আপডেট সময় : ১১:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৭ বার পঠিত

যশোরের চৌগাছায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন। নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা খাতুন যশোরের চৌগাছা পৌর শহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা নম্বরপ্লেটবিহীন ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলে ঘুরতে বের হন। তাঁরা যশোর-চৌগাছা সড়কের আড়ারদাহ এলাকার একটি ক্যাফেতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা।
সন্ধ্যায় কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়ন হোসেনকে মৃত ঘোষণা করেন। মিথিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। দুর্ঘটনার পর পিকআপ ও এর চালক পালিয়ে গেছেন। নিহত দুজনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

























