যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ঘিরে ইনভিজিলেটরদের ব্রিফিং
- আপডেট সময় : ১১:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৭ বার পঠিত

যশোর জেলায় শুক্রবার (০২ অক্টোবর) অনুষ্ঠিতব্য পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইনভিজিলেটরদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে বহুনির্বাচনি পরীক্ষার কেন্দ্র তদারকি ও দায়িত্ব পালনকারী ইনভিজিলেটররা অংশ নেন।
ব্রিফিংয়ে আগামীকাল অনুষ্ঠেয় পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বহুনির্বাচনি পরীক্ষা সাব-কমিটির সদস্য এস এম সিরাজুল হুদা পিপিএম (বার), কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ।
তিনি পরীক্ষার সময় অধিকতর সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে ইনভিজিলেটরদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ব্রিফিং অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), যশোর।
এ সময় উপস্থিত ছিলেন তানভীর আহমদ, এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; নুর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল; শামীমা নাছরীন খানম, অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস অ্যান্ড অ্যামুনিশন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষা যশোর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সকল ইনভিজিলেটর।


















