‘রাখিব পরিবেশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’
যশোরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০৯:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৫৯ বার পঠিত

‘রাখিব পরিবেশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার ঘোপ শিশু সংঘের উদ্যোগে এবং আর জে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আবদুল্লাহ আল গাদ্দাফি রানা। এ সময় ঘোপ শিশু সংঘের আহ্বায়ক মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। বিশেষ করে বাড়ির আশপাশে বা খোলা স্থানে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জমে থাকা পানি নিয়মিত অপসারণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, বরং ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।





















