৪২ বছরেও কাটেনি ভবদহের দুর্ভোগ
- আপডেট সময় : ০৭:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৭৫ বার পঠিত

৪২ বছর ধরে জলাবদ্ধতার দুর্ভোগ বয়ে বেড়াচ্ছেন যশোর-খুলনা অঞ্চলের ভবদহ বিলপাড়ের প্রায় ১২ লাখ মানুষ। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও লবণাক্ততায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রায় ১ লাখ ২৮ হাজার হেক্টর ফসলি জমি। বছরের পর বছর সরকার পরিবর্তন হয়েছে, নেওয়া হয়েছে নানা প্রকল্প ও বরাদ্দ; কিন্তু ভবদহের মানুষের দুর্ভোগের স্থায়ী সমাধান হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবদহের জলাবদ্ধতা নিরসনের নামে বিভিন্ন সময়ে বিপুল অর্থ বরাদ্দ হলেও তার সুফল মেলেনি। বরং দুর্ভোগকে পুঁজি করে স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের একটি অংশ লাভবান হয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
ভবদহ বিলের বিস্তৃতি যশোরের সদর, মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর এবং খুলনার ডুমুরিয়া, কয়রা, ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলার কিছু অংশজুড়ে। এ অঞ্চলের ৫৫টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সঙ্গে বসবাস করছে।
স্থানীয় ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৮ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনামলে ‘সবুজ বিপ্লব’ বাস্তবায়নের অংশ হিসেবে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা ও লবণাক্ততা দূর করার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ২৭টি বিলের পানি নিষ্কাশনের জন্য যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নসংলগ্ন টেকা-মুক্তেশ্বরী নদীর ওপর ভবদহ নামের স্থানে স্লুইসগেট নির্মাণের পরিকল্পনা করা হয়।
ওই প্রকল্পের আওতায় ভবদহের উজানের কেদারিয়ার বিল, কপালিয়ার বিল, দামোখালির বিল, আড়পাতার বিল, বলার আবাদ বিল, আন্ধার বিল, কাছোর আবাদ বিল, গান্ধীমারার বিল, ভুলার আবাদ বিল, সন্ধ্যার বিল, বিল বোকড়, কালিধার বিল, হরিণঘাটার বিল, হরিণ কাটার বিল, সাতগাতীর বিল, শাহালের বিল, সুন্দলীর খোল বিল, শুড়ীর ডাঙ্গীর বিল, ঝিহিরের বিল, ঝিকরের বিল, রাজাপুরের বিল, ডুমোর বিল, ধলের গাতী বিল, ফেহেলির বিল, মাগুরার বিল, শা-মান্দারতলার বিল, ভাতার মারীর বিল, হরিণার বিল, খোরচে ডাঙ্গা ও বলা ডাঙ্গার বিল এবং ভাতুড়িয়ার বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।
১৯৬২ সালে এসব বিলে খননকাজ শুরু হয়ে ১৯৬৩ সালে শেষ হয়। এরপর দ্রুত পানি নিষ্কাশন হওয়ায় ভবদহ অঞ্চলে কৃষি উৎপাদন বাড়তে থাকে। প্রায় দুই দশক ধরে অঞ্চলটি হয়ে ওঠে ফসল উৎপাদনের সমৃদ্ধ এলাকা।
তবে ১৯৮২ সালে স্লুইসগেট দিয়ে জোয়ারের পানি প্রবেশ ও নিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি হলে নদীর তলদেশে পলি জমতে শুরু করে। ওই বছরই নেহালপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় আবার জলাবদ্ধতা দেখা দেয়। ধীরে ধীরে কমতে থাকে ফসলের উৎপাদন। ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ মানুষের সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগব্যবস্থা।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভবদহের জলাবদ্ধতা ও লবণাক্ততা নিরসনে আবারও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। ২০০১-০২ ও ২০০৪-০৫ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ অঞ্চলের জন্য ২২৯ কোটি টাকা বরাদ্দ করে। এরপরও ছোট-বড় নানা প্রকল্পের মাধ্যমে কাজ চলেছে।
প্রায় পাঁচ বছর আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানেও কিছু কাজ করা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাল খননের পর উত্তোলিত মাটি ফের বিলে পড়ে যাওয়ায় অনেক জায়গায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে জলাবদ্ধতা আবারও তীব্র হয়েছে।
ভবদহ স্লুইসগেটের মাধ্যমে ২৭টি বিলের পানি কেদারিয়া বিল হয়ে টেকা-মুক্তেশ্বরী নদী দিয়ে সাগরে যাওয়ার কথা ছিল। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের অযত্ন ও নানা জটিলতায় সেই স্লুইসগেটও এখন প্রায় অকার্যকর।
অভয়নগরের সুন্দলী এলাকার বাসিন্দা ভবতোষ বলেন, জন্মের পর থেকেই শুনে আসছি, ভবদহের সমস্যা দূর হবে। প্রতি বছর সরকার দফায় দফায় বাজেট দিয়েছে। কিন্তু নামমাত্র কাজ করে সেই টাকার বড় অংশ নিয়ে গেছেন নেতা ও সরকারি কর্মকর্তারা। এ অঞ্চলের মানুষের কোনো কল্যাণ হয়নি।
মনিরামপুর উপজেলার নেহালপুরের কৃষক জালাল উদ্দিন বলেন, ছোটবেলায় দেখেছি এলাকায় প্রচুর ফসল হতো। কিন্তু প্রায় ৩০ বছর ধরে জলাবদ্ধতায় কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন কৃষকেরা জমিতে বিক্ষিপ্তভাবে মাছের ঘের করেছেন। এতে পানি নিষ্কাশন আরও বাধাগ্রস্ত হচ্ছে। সেই পানি এখন মানুষের বাড়িঘর পর্যন্ত উঠে আসে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, প্রতিটি সরকার ক্ষমতায় এসে ভবদহের জলাবদ্ধতা নিরসনের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু সেই অর্থ ভবদহ অঞ্চলের মানুষের কল্যাণে আসেনি। এর সুফল পেয়েছেন সরকারের আমলা, রাজনীতিবিদ ও ঠিকাদারেরা।
তিনি বলেন, ১৯৯৬ সালের দিকে ভবদহ অঞ্চলে কাজ করতে আসা একজন প্রকৌশলী বলেছিলেন, এই স্লুইসগেট নির্মাণের ফলে ২০ থেকে ৩০ বছরের মধ্যেই এর কুফল দেখা দেবে। আজ আমরা সেই কুফল ভোগ করছি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, ভবদহ অঞ্চলের সব নদী ও খাল খননের প্রস্তাব পাঠানো হয়েছিল। এর ভিত্তিতে পাঁচটি নদীর ৮১ দশমিক ১৫০ কিলোমিটার পুনঃখননের জন্য ইতিমধ্যে ১৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বোর্ড। এ কাজের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের দুর্দশা ঘুচে যাবে।
তবে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, গত ৪২ বছরে নেওয়া একের পর এক প্রকল্প ও বিপুল অর্থ বরাদ্দের পরও যেখানে স্থায়ী সমাধান হয়নি, সেখানে নতুন প্রকল্প কতটা কার্যকর হবে—তা নিয়ে তাঁদের সংশয় রয়েছে। তাঁদের দাবি, শুধু প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দ নয়, ভবদহের পানি নিষ্কাশনের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন এবং প্রকল্পের অর্থ ব্যয়ের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।




















