চ্যাম্পিয়ন অভয়নগর ও কোতোয়ালি
যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ
- আপডেট সময় : ০৯:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৭ বার পঠিত

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় যশোর টাউন হল মাঠে জেলা পুলিশের আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার জেলা পর্যায়ের পর্বের সমাপ্তি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।
তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আইজিপির নির্দেশক্রমে সারাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার পরামর্শে নির্ধারিত বাইলজ অনুযায়ী প্রতিযোগিতাটি পরিচালিত হয়। প্রতিযোগিতায় প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয় বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
প্রথমে ইউনিয়ন পর্যায়ে নারী ও পুরুষ দলের প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা চ্যাম্পিয়ন দল নির্বাচন করা হয়। এরপর জেলা পর্যায়ে ৮টি পুরুষ ও ৮টি নারী উপজেলা চ্যাম্পিয়ন দল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ে পুরুষ বিভাগে কোতোয়ালি থানা ও অভয়নগর থানা দল এবং নারী বিভাগে কোতোয়ালি থানা ও বাঘারপাড়া থানা দল ফাইনালে ওঠে। চূড়ান্ত লড়াই শেষে পুরুষ বিভাগে অভয়নগর থানা দল এবং নারী বিভাগে কোতোয়ালি থানা দল জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ে খেলবে।
অনুষ্ঠানে যশোর জেলা পুলিশের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, যশোর জেলা কাবাডি ফেডারেশনের আহ্বায়ক আবুল বাশার সাইফুদ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন, জেলা ক্রীড়া সংস্থার চিন্ময় সাহা, মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরআই পুলিশ লাইনস, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের মনোনীত রেফারি, বিভিন্ন থানার খেলোয়াড় ও কোচ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।























