অদম্য তামান্নাকে হুইলচেয়ার ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী অমিত
- আপডেট সময় : ০৭:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৬২ বার পঠিত

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষার পথে এগিয়ে চলা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রী তামান্না আক্তার নূরার পাশে দাঁড়িয়েছে যশোর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তামান্নাকে একটি হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তামান্না নূরার হাতে হুইলচেয়ার ও নগদ অর্থ তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
তামান্না আক্তার নূরা যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন দম্পতির মেয়ে। শারীরিক প্রতিবন্ধকতা তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার আগ্রহকে দমিয়ে রাখতে পারেনি। হাতের পরিবর্তে পা দিয়ে লিখে এসএসসি ও পরবর্তী শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি। পা দিয়ে লিখেই জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যবিপ্রবিতে ভর্তির সুযোগ পান। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
তামান্নার শিক্ষাজীবন ও এগিয়ে যাওয়ার পথে সহায়ক ভূমিকা রাখতেই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে তাঁর এই সংগ্রাম অন্যদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত।




















