অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামী ও সৎবাবা কারাগারে
- আপডেট সময় : ১০:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৫২ বার পঠিত

যশোরের মনিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা আক্তার ময়নাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বামী হেলাল হোসেন ও তার সৎবাবা রফিকুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার তাদের যশোর আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হেলাল হোসেন মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা এবং রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার রামনগর এলাকার বাসিন্দা। নিহত তাসলিমা আক্তার ময়না মোহনপুর এলাকার মৃত ইব্রাহিম গাজীর মেয়ে।
মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান হাজরা জানান, নিহত তাসলিমার নামে থাকা তিন শতক জমি ও নগদ দুই লাখ টাকা নিয়ে স্ট্যাম্প ফেরত ও সম্পত্তি বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তাকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এ নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিকল্পনার অংশ হিসেবে গত ১১ জুন রফিকুল ইসলামের বাড়িতে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৮ জুন গভীর রাতে হেলাল হোসেনের নির্মাণাধীন ভবনের নিচতলায় ডেকে নিয়ে তাসলিমাকে তার ব্যবহৃত ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
তদন্তে আরও জানা যায়, হত্যাকাণ্ডের পর আলামত নষ্টের উদ্দেশ্যে ব্যবহৃত ওড়নাটি পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। পরে পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই পুকুর থেকে ওড়নাটি উদ্ধার করা হয়। আদালতে সোপর্দ করার পর আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।





















