স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল-মহাসড়ক
অবরোধ-উত্তেজনায় নিরাপত্তার ঢাল আনসার
- আপডেট সময় : ১২:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৪৫ বার পঠিত

শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও বিভিন্ন স্থানে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখা, বিশৃঙ্খলা প্রতিরোধ এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সাত জেলায় ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও মোতায়েন পরিকল্পনা অনুযায়ী গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কে টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট এবং সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত ১৯ নভেম্বর গাজীপুরের শিল্পাঞ্চল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ১৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করেন। শ্রীপুরের আশপাড়া, গড়গড়িয়া, মাওনা চৌরাস্তা, নতুন বাজার ও আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষিপ্ত অবস্থান এবং মহাসড়কে অবরোধের চেষ্টা দেখা যায়। মাওনা ফ্লাইওভারে শ্রমিকদের অবরোধে যান চলাচল বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় শ্রমিকরা সড়ক থেকে সরে যান। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া ভোগড়া বাইপাস, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, তেলিপাড়া, পল্লী বিদ্যুৎ ও চান্দনা চৌরাস্তা এলাকায় আনসার সদস্যদের টহল ও সতর্ক অবস্থান সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় মোতায়েন ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য চাষাঢ়া, শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, সাইনবোর্ড, শিমরাইল, বিসিক শিল্পনগরী, ফতুল্লা স্টেডিয়াম ও কাঁচপুর ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও স্ট্যাটিক ডিউটি পালন করেন। দিন-রাত নিরাপত্তা পর্যবেক্ষণ ও সতর্ক অবস্থানের মাধ্যমে শ্রমিকদের কর্মস্থলে যাতায়াত, শিল্পাঞ্চলের পরিবেশ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তাঁরা দায়িত্ব পালন করেন।
এ ছাড়া গোপালগঞ্জে ৮ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন ও শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি ও নজরদারির মাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা, দ্রুত সাড়া প্রদান এবং জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের সমন্বিত নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের চলাচলে স্বস্তি বজায় রাখা, শিল্পাঞ্চলে কর্মপরিবেশ ও উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন।























