অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
- আপডেট সময় : ০৭:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৫৪ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু, অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মহিউল ইসলাম ও সহ-সম্পাদক মোস্তফা কামাল।
এছাড়া নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, ছাত্রশিবিরের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন গাজীসহ স্থানীয় সুধীজন, চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। পরে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
























