আকস্মিক পরিদর্শনে যশোর জেনারেল হাসপাতালে যুগ্ম সচিব
- আপডেট সময় : ১০:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৭ বার পঠিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। শনিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি কোনো পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা ছাড়াই হাসপাতালে গিয়ে বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবা, সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন যুগ্ম সচিব। একই সঙ্গে রোগীদের চিকিৎসাসেবার মান, হাসপাতালের বিভিন্ন ইউনিটের কার্যক্রম এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও এনজিওগ্রাম ইউনিট নির্মাণের সম্ভাব্য ব্যয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসব ইউনিটের অবকাঠামো, কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান ও মারুফ হাসান, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন সাফায়েত, ডা. আহসান কবির বাপ্পী, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চলমান বিভিন্ন কার্যক্রম নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আকস্মিক পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ইউনিটের কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
এদিকে হাসপাতাল পরিদর্শনের একপর্যায়ে যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খানকে দেখতে যান যুগ্ম সচিব। তিনি রাশেদ খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।






















