
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। একই সঙ্গে পরিচালনা পর্ষদ অধ্যাপক জামালুন্নেসাকে নতুন নির্বাহী দায়িত্ব প্রদান করেছে।
মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। ঘটনার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসা প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ চলমান রয়েছে। রোগীসেবার পরিবেশ উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। আলো-বাতাস চলাচলসহ পরিবেশগত মানোন্নয়নের জন্য বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কর্পোরেট অফিসের ওপর পরিচালিত একটি বেকারিও বন্ধ করে দেওয়া হয়েছে।
আদ-দ্বীন ফাউন্ডেশন জানায়, ১৯৮০ সাল থেকে অলাভজনক এ প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। বর্তমানে ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ১টি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। চলতি বছরের ১১ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নারী।
এছাড়া আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীর শিক্ষা ও পেশাগত ভবিষ্যৎ এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তির শেষাংশে আদ্-দ্বীন কর্তৃপক্ষ রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।





















