আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম
- আপডেট সময় : ১১:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৫৮ বার পঠিত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির প্রভাবে ডলারের ওপর চাপ এবং সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমে আসায় মূল্যবান এ ধাতুর দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৭ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে গত বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে গিয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সকে সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, সাম্প্রতিক দরপতনের পরও স্বর্ণের দাম আবার ৪ হাজার ডলারের কাছাকাছি অবস্থান করছে। তবে বাজারে বিনিয়োগকারীদের আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩৩ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬২২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ২১৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বর্তমানে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

























