জিনসেং কবীরের বাড়ি থেকে পর্নোগ্রাফী মামলার আসামি আটক
- আপডেট সময় : ০৭:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৪০ বার পঠিত

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ছাতিয়ানতলা মল্লিকপাড়ায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি রবিউল তালুকদারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাতে র্যাব-৬ যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক রবিউল তালুকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভুতুড়িয়া গ্রামের ফায়েক তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের যশোর ক্যাম্পের কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।
র্যাব সূত্রে জানা যায়, রবিউলের এক প্রতিবেশী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। এ সুযোগে তিনি প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও আপত্তিকর প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। প্রস্তাবে সাড়া না পেয়ে ওই নারীকে ভয়ভীতি দেখানো এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুন রবিউল ওই নারীর কিছু ব্যক্তিগত ছবি তার স্বামীর কাছে পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সেসব ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ২ জুলাই ভুক্তভোগী নারী রবিউল তালুকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে শনিবার রাতে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মল্লিকপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক রবিউল তালুকদারকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে আটক ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
























