যশোরে ছাত্রী নির্যাতনের অভিযোগ
এমএসটিপি’র খণ্ডকালীন শিক্ষক বরখাস্ত
- আপডেট সময় : ১০:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ২৬ বার পঠিত

যশোরের মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে শিমুল মণ্ডল নামে এক খণ্ডকালীন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, শিমুল মণ্ডলের পরিচালিত কোচিংয়ে না পড়ায় স্কুল ছুটির পর মেয়েটিকে বিদ্যালয়ে আটকে রেখে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ক্ষত হয়েছে। অভিযোগের পর থেকে শিক্ষক শিমুল মণ্ডল পলাতক রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিভাবকদের আরও অভিযোগ, শিমুল মণ্ডলের বিরুদ্ধে কোচিং বাণিজ্য, শিক্ষার্থীদের কাছে শিট বিক্রির নামে টাকা আদায় এবং শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল আনাম বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ায় তদন্তাধীন।
এমএসটিপি বালিকা বিদ্যালয় ও কলেজের সভাপতি এবং যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক শিমুল মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি।





















