কারাভোগ শেষে স্বদেশে ফিরলেন ১৮ বাংলাদেশি
- আপডেট সময় : ০৮:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ বার পঠিত

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ১৮ জনের মধ্যে ৯ জন নারী ও ৯টি শিশু রয়েছে। তারা ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দালালচক্রের প্রলোভনে পড়ে এসব নারী সীমান্তপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে তারা গ্রেপ্তার হন। আদালতের নির্দেশে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে আইনি হেফাজতে রাখে।
তিনি বলেন, দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
মানবাধিকার সংস্থা রাইটস যশোরের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, দেশে ফেরা নারী ও শিশুদের আপাতত সংস্থাটির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দ্রুত তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

























