কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৫০ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ৮ নম্বর কলাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কলাবাড়িয়া পশ্চিমপাড় এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর ১২টায় নড়াইল-১ আসনের মনোনীত সংসদ সদস্য ও নড়াইলবাসীর আশার প্রতীক হিসেবে পরিচিত জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমের উদ্যোগে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাড়িয়া পশ্চিমপাড় এলাকায় একটি মহিলা মাদ্রাসা ও বিদ্যালয়সহ শতাধিক পরিবারের বসবাস রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের জন্য ব্যবহৃত একমাত্র সড়কটি সংস্কার ও নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। অবশেষে সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ কাউম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন (ছানা)।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসমত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মো. আমানুল্লাহ মৃধা, ছাত্রনেতা শেখ সাদি, কলাবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নওশের আলী বিশ্বাস, মোছা. আসমা খাতুন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, সড়কটির নির্মাণ সম্পন্ন হলে এলাকার শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার সার্বিক অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

























