কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা, ১৯ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৫৫ বার পঠিত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবারের ঘটনার পর রাতভর এবং বুধবার সকাল পর্যন্ত যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিমসার বাজার এলাকায় মহাসড়কে চলাচলরত নিষিদ্ধ তিন চাকার যানবাহনের বিরুদ্ধে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এ সময় কয়েকটি যানবাহন আটককে কেন্দ্র করে অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে অভিযান শুরু করে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের অধিকাংশই নিমসার ও আশপাশের এলাকার বাসিন্দা এবং তিন চাকার যানবাহনের চালক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার কোনো ঘটনা ছাড় দেওয়া হবে না। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। পাশাপাশি তারা কোনো নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় বুড়িচং থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।























