কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
- আপডেট সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৩০ বার পঠিত

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের চৌরাস্তা থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে গণঅধিকার পরিষদ যশোর পৌর শাখার প্রধান সমন্বয়ক এইচ এম আহসান বিপ্লব, সদর উপজেলার প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম রুবেল, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জেএম রাজু, যশোর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবির মুরাদ, সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন, সিনিয়র সহসভাপতি আসাদুর রহমান সানিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের কর্মীর ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আহত নেতাকর্মীদের যথাযথ চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। তাঁরা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে কুষ্টিয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা কুষ্টিয়ার ঘটনায় আমির হামজাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া রাজনৈতিক সহিংসতা বন্ধ, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষার আহ্বান জানানো হয়।
মিছিল থেকে কুষ্টিয়ায় হামলার প্রতিবাদ, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে কুষ্টিয়ার হামলার ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





















