কেশবপুরে দুস্থদের হাতে নগদ সহায়তা দিলেন এমপি মোক্তার আলী
- আপডেট সময় : ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৪৪ বার পঠিত

যশোরের কেশবপুরে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের সহায়তায় ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী।
শুক্রবার সকালে কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপজেলার ২৪ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করেন।
সংশ্লিষ্টরা জানান, উপকারভোগীদের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যেই এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোক্তার আলী সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, নায়েবে আমীর সাইদুর রহমান সাঈদ, উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওজিউর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুস সাত্তার, পৌর মেয়র পদপ্রার্থী প্রভাষক জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারিরা।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


























