কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১০:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৮৪ বার পঠিত

যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) এ উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাগরদাঁড়ি মধুপল্লী কাস্টোডিয়ান কার্যালয়ের উদ্যোগে মহাকবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম। বক্তারা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম, বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অসামান্য অবদান এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যচর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
একই দিনে সাগরদাঁড়িতে মধুসূদন একাডেমির উদ্যোগেও আলোচনা সভা, মহাকবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আবৃত্তি এবং মধুগীতি পরিবেশনের আয়োজন করা হয়। মধুসূদন একাডেমির চেয়ারম্যান কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান ড. তানভীর দুলাল। স্বাগত বক্তব্য দেন মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুসূদন একাডেমির উপ-পরিচালক মকবুল মাহফুজ, আবু শারাফ সাদেক বাণিজ্য ও কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুজ্জামান তাছু, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত, সিদ্দিয়া আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক ইমদাদুল হক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান এবং এনটিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজলসহ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।























