খুলনার লবণচরায় অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৪৯ বার পঠিত

খুলনার লবণচরা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানার হরিণটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মাদারশি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনা মহানগরের লবণচরা থানার হরিণটানা এলাকার মৃত আমির খানের ছেলে মো. ইমরান খান (৩৭)।
র্যাব এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানের সময় ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো স্থান থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়। গ্রেফতার শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভান্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেফতার দুজনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
























