যশোরে আলোচনা সভায় নার্গিস বেগম
গণতান্ত্রিক অর্জন নষ্ট করতে বিভাজনের পাঁয়তারা চলছে
- আপডেট সময় : ০৮:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

দেশের বর্তমান গণতান্ত্রিক অর্জনকে নষ্ট করতে অতীতের মতো একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ চক্রান্তের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করে জনগণের সামনে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার মুন্সী মেহেরুল্লাহ ময়দানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি তার অঙ্গীকার থেকে সরে এসেছে। কিন্তু বিএনপি কখনো অঙ্গীকার থেকে বিচ্যুত হওয়ার দল নয়। অতীতেও দলটি জনগণের সামনে দেওয়া অঙ্গীকার রক্ষা করেছে এবং বর্তমানেও জনগণের প্রতিশ্রুতি রক্ষা করে দেশ পরিচালনা করছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠা কেবল একটি দলের জন্ম নয়, এটি একটি সুদূরপ্রসারী রাষ্ট্রচিন্তার ফসল। দেশের সংকটকালে দলটি ত্রাতার ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন সংকট থেকে দেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে নার্গিস বেগম বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা মোটেও সহজ ছিল না। প্রতিনিয়ত কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, তার জন্য নেতাকর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
তিনি বলেন, ‘আসুন, সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের গণতান্ত্রিক যাত্রাকে সমৃদ্ধ করি এবং দেশ ও জনগণের ভবিষ্যৎ নিশ্চিত ও নিরাপদ করি।’
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



















