চৌগাছায় ৯শতাধিক নারীর মাঝে গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ বার পঠিত

যশোরের চৌগাছায় ৯২৫ জন নারীর মাঝে ওষধি ও ফলদ বৃক্ষের ৩ হাজার ৭০০টি চারা বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব কৃষি কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করার লক্ষ্যে এসব চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) বাস্তবায়নাধীন ‘জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় উপজেলার হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, আরআরএফের সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল, প্রকল্পের সমন্বয়কারী আব্দুল মান্নান এবং চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর।

আয়োজকেরা জানান, প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলার নয়টি সমবায় সমিতির ৯২৫ জন নারী সদস্যের প্রত্যেককে চারটি করে চারা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি কদবেল, একটি থাই পিংক পেয়ারা, একটি নিম ও একটি থাই সফেদা। সব মিলিয়ে বিতরণ করা হয়েছে ৩ হাজার ৭০০টি চারা।
চারা বিতরণের পর হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদ্রাসা মাঠে একটি দেশি নিম ও একটি কদবেল চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
আয়োজকেরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারীদের কৃষিভিত্তিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














